সাংবাদিক তুরাব হত্যার বিচার নিশ্চিত করা হবে : সিলেটে পররাষ্ট্র উপদেষ্টা

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটের তরুণ সাংবাদিক এ টি এম তুরাবের হত্যাকারীরা কোনো অবস্থায়ই পার পাবে না। প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনা করা হবে। এই হত্যার বিচার নিশ্চিত করা হবেই।

শনিবার সিলেট প্রেস ক্লাবে সাংবাদিক এ টি এম তুরাবের দ্বিতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ‘সিলেট প্রেস ক্লাব এ টি এম তুরাব পদক’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচল এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ড. হুমায়ুন কবির।

এ বছর ‘সিলেট প্রেস ক্লাব সাংবাদিক এ টি এম তুরাব পদক’ পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেড় হাজার মানুষের জীবন ও হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। তারা আর বাংলাদেশে ফিরে আসবে না। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সবাই মিলে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। সিলেট প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিলেট আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিসেস সাঈদা পারভীন। সভায় বক্তারা তুরাবের স্মৃতিচারণ ও জুলাই চেতনা ধারণের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।