কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জুলাই আন্দোলনের ইতিহাস, স্মৃতি ও গ্রাফিতিকে ধারণ করে প্রকাশিত “গ্রাফিতিতে জুলাই বিপ্লবের রাজধানী কুমিল্লা” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কুমিল্লার সাবেক আহ্বায়ক আবু রায়হানের সম্পাদনায় প্রকাশিত ১৩৬ পৃষ্ঠার এ গ্রন্থে জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি, দেয়ালচিত্র এবং কুমিল্লার আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস স্থান পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন ও জয়নাল আবেদিন শিশির এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলন দেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনের সময় শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ও দেয়ালচিত্র শুধু প্রতিবাদের ভাষা নয়, বরং সময়ের সাক্ষী হিসেবেও ভবিষ্যৎ প্রজন্মের কাছে মূল্যবান দলিল হয়ে থাকবে। গ্রন্থটির প্রকাশনায় সার্বিক সহযোগিতা করেছে কুমিল্লা সিটি করপোরেশন।



