তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে পরাজয়ের ভয়ে একটি পক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের নামে দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। যতই বিশৃঙ্খলার চেষ্টা করা হবে তাতে কোনো লাভ হবে না। এ দেশের জনগণই তাদের সেই বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মিসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, কোনো নেতাকর্মী যেন দলের আদর্শ ছেড়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার নির্যাতন না করে। বিভিন্ন চরাঞ্চলে জমি বিক্রির অভিযোগ রয়েছে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে- আপনারা এসব কাজগুলো করবেন না। কোনো নেতাকর্মী যদি কোনো গরিব কৃষককে চরের জমি থেকে উচ্ছেদ করে তাহলে আপনারা ঢাকায় আমার বাসায় এসে অভিযোগ দিবেন। অভিযোগ প্রমাণিত হলে তাকে আমরা দল থেকে বহিষ্কার করব সে যত বড় নেতাই হোক। তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সভাপতিত্বে কর্মিসভায় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, বিএনপি নেতা মাকসুদুর রহমান হাওলাদার, গোলাম ছরোয়ারে আলম, শাহাদাৎ হোসেন পাটওয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি কামরুজ্জামান জান্টু হাওলাদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন হওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: মামুন, সদস্যসচিব শরীফ হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।



