বিপ্লব ইসলাম লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারছে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, এলাকার একটি পাহাড়ের বড় অংশ কেটে ফেলা হয়েছে। মাটি কাটার কাজে ট্রাক্টর ও শ্রমিক ব্যবহার করা হচ্ছে। পাহাড়ের ওপর বসতঘর থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ও ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় ঝুঁকি আরও বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, দিনের বেলাতেই প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। বর্ষায় পাহাড় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পরিবেশ সচেতন মহলের অভিযোগ, অবৈধভাবে পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। অভিযোগের বিষয়ে পাহাড়ের মালিক নুর হোসন বলেন, আশপাশে মাটি কেটে নেওয়ায় তার বাড়িতে যাতায়াতে সমস্যা হচ্ছে এবং বাড়ি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে রাস্তার কাজে ব্যবহারের জন্য তিনি মাটি দিতে রাজি হয়েছেন। এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, বিষয়টি অবগত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।



