সিলেট ব্যুরো
লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৬১তম ব্যাচের শিক্ষার্থী অহনা আনজুম জুঁই, ইয়ুথ ফর এনডিসি, ওয়াইইসিএপি এবং ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ইয়ুথ ফর এনডিসি ইমপ্লিমেন্টার্স ফেলোশিপ’ লাভ করেছেন। তার এই ফেলোশিপের মূল লক্ষ্য হলো জলবায়ু বিষয়ক প্রচারণা থেকে বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়া। বাংলাদেশের এক হাজার ৩০০ জনেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত করা হয়েছে লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শেষ বর্ষের (অনার্স) এই শিক্ষার্থীকে।
অহনা আনজুম জুঁইয়ের মর্যাদাপূর্ণ এই ফেলোশিপ পাওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
মেধাবী এই শিক্ষার্থীর কাব্যগ্রন্থ ‘দ্য ফারমেন্টেড জার্নাল’ একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছিল। তা ছাড়া তিনি ‘দ্য ডেইলি স্টার’-এর একজন সহযোগী লেখিকা।
তার কবিতা এবং ছোটগল্প জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক জার্নাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
অহনা ২০২৩ সালে দ্য হারমিটেজ রেসিডেন্সিতে যোগদান করেন, যেখানে তিনি আরিফ আনোয়ার, অঞ্জলি সিং এবং মোহাম্মদ মাসুদ মুরসির তত্ত্বাবধানে ছিলেন।



