ক্রীড়া ডেস্ক
১৯৫৮ থেকে ২০০২ সালের মধ্যে অনুষ্ঠিত ১২টি পুরুষদের বিশ্বকাপের মধ্যে পাঁচটিতে চ্যাম্পিয়ন ব্রাজিল। রেকর্ড চ্যাম্পিয়নদের আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণায় দলটিতে বড় বিতর্ক নেইমার জুনিয়রকে ঘিরে। ৩৪ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে ঘরোয়া লিগে সান্তোসের হয়ে খেলেন। ২০২৩ সালের অক্টোবরে বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকে তিনি ফর্ম ও ফিটনেস নিয়ে ভুগছেন; কিন্তু ব্রাজিলীয় জনগণের কল্পনায় তিনি এখনো এক ধরনের অসাধারণ তারকা হিসেবে পরিচিত।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগামী ১ জুন চূড়ান্ত তালিকা জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করেছে ফুটবলের নিয়ন্তা সংস্থা। আনুষ্ঠানিকভাবে সব দলের চূড়ান্ত তালিকা ২ জুন প্রকাশ করবে ফিফা। ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দল আজ ঘোষণা করবেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। আর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার ঠিক আগ মুহূর্তে নেইমারকে নিয়ে নিজের নীরবতা ভাঙলেন সেলেকাও কোচ। সম্প্রতি দ্য অ্যাথলেটিকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমারের ফিটনেস ও মাঠের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে ইতালিয়ান এই কোচ ইঙ্গিত দিয়েছেন, চূড়ান্ত দলে বড় চমক হিসেবে থাকতে পারেন নেইমার।



