কুকুরের কামড়ে আহত ১২, ফাঁকা ২ প্রাথমিক বিদ্যালয়

Printed Edition

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় গত দুই দিনে বেওয়ারিশ ও পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতরা অধিকাংশই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় আতঙ্কে অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। এর ফলে গত সোমবার উপজেলার মেদুয়ারী ইউনিয়নের দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ প্রায় শিক্ষার্থী শূন্য হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নিঝুরী, মেদুয়ারী ও কুচিলাতলা গ্রামে হঠাৎ করেই পাগলা কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত শনি ও রোববার কুকুরের কামড়ে আহতদের মধ্যে দক্ষিণ মেদুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আফরিন আক্তার (৭), তার নানা মনু মিয়া (৬৮), শিশু মাহমুদুল হাসান (২) ও সিয়ামসহ (৪) অন্তত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। মানুষের পাশাপাশি গৃহপালিত পশুপাখিও কুকুরের আক্রমণের শিকার হচ্ছে।

ভাটি মেদুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ খাদেমুল ইসলাম বলেন, কুকুরের আতঙ্কে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি প্রায় ৫০ শতাংশ কমে গেছে। সকালে কয়েকজন অভিভাবক হাতে বাঁশের লাঠি নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে গেছেন। ইউএনও ফিরোজ হোসেন বলেন, মেদুয়ারী গ্রামে কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহতের বিষয়টি জেনেছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।