কানাডায় থাকার প্রশ্নে আলবার্টায় গণভোট অক্টোবরে

Printed Edition

বিবিসি

কানাডার অংশ হিসেবে থাকবে, নাকি আলাদা হওয়ার পথ তৈরি করতে আরেকটি বাধ্যতামূলক গণভোটের দিকে হাঁটবে- এমন এক ঐতিহাসিক সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছে আলবার্টা। তেলসমৃদ্ধ এই প্রদেশটিতে আগামী ১৯ অক্টোবর একটি প্রাদেশিক গণভোট আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে। এই উদ্যোগের ফলে কয়েক দশকের মধ্যে কানাডার জাতীয় ঐক্য সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।

অটোয়ার নীতিনির্ধারকেরা আলবার্টার প্রতি যথাযথ মনোযোগ দেন না- দীর্ঘ দিনের এমন ক্ষোভ থেকে এই প্রদেশে স্বাধীনতার আন্দোলন ক্রমেই গতি পাচ্ছে। চলতি বছরের শুরুতে কানাডা থেকে স্বাধীন হওয়ার পক্ষে একটি আবেদনে তিন লাখের বেশি মানুষ স্বাক্ষর করেন; বিপরীতে কানাডার সাথে থেকে যাওয়ার পক্ষে অন্য একটি আবেদনে স্বাক্ষর পড়ে চার লাখের বেশি। এই পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষাপটে আলবার্টাবাসী আসলে কোন দিকে যেতে চান, তা জানতেই প্রদেশের মুখ্যমন্ত্রী ডেনিয়েল স্মিথ গত বৃহস্পতিবার এই গণভোটের ঘোষণা দেন।