চট্টগ্রাম ব্যুরো
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সংগঠনের ইউনিট পর্যায়ের কার্যক্রম যত বেশি শক্তিশালী হবে, ততই ওয়ার্ড, থানা, মহানগরী ও কেন্দ্রীয় সংগঠন সুদৃঢ় হবে। ইতিহাস সাক্ষ্য দেয়, যেখানে যত বেশি প্রতিকূলতা ও বিপর্যয় এসেছে, সেখানে দ্বীনের দাওয়াত তত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাই কোনো ষড়যন্ত্র, রাজনৈতিক প্রতিবন্ধকতা কিংবা বাধা দেখে হতাশ না হয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের ধৈর্য, সাহস ও দূরদর্শিতার সাথে কাজ চালিয়ে যেতে হবে।
মঙ্গলবার রাতে চকবাজার থানা জামায়াত আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কুরআন ও হাদিসের আলোকে আমরা দেখতে পাই ইসলামী আন্দোলন প্রতিকূল পরিবেশেই সবচেয়ে বেশি শক্তিশালী ও মজবুত হয়েছে। তাই দায়িত্বশীলদের উচিত নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং দ্বীনের বিজয়কে তরান্বিত করা।
থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন- থানা নায়েবে আমির আব্দুল হান্নান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, আমজাদ হোসাইন ও সাইফুদ্দিন খালেদ প্রমুখ।



