ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, অবশেষে কি তাহলে অবসান হলো! মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলুসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করে গত পরশু রাতে সব ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তাতেই নাটকীয়ভাবে সমস্যার সমাধান। কিংস অ্যারিনাতেই বসুন্ধরা কিংসের বিপক্ষে ফাইনাল খেলবে মোহামেডান। আজ বিকেল ৫.৩০ মিনিটে হতে পারে ফাইনাল। তবে জটিলতা আরো বেড়েছে। কারণ গতকাল বাফুফের সাধারণ সম্পাদক বরাবর বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত পাঠানো চিঠি। সেই চিঠিতে কিংস সরাসরি জানিয়ে দিয়েছে, ফাইনাল বাতিল করে প্রতিপক্ষ দলকে (মোহামেডান) চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি দিয়ে দিতে।
বসুন্ধরা কিংসের পাঠানো চিঠির শেষ অংশে লিখেছে, ‘আমরা বলতে চাই, বসুন্ধরা কিংসের কাছে শিরোপার চেয়ে সম্মানই সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি সেই সম্মানের অভাব দেখা দিয়েছে। তাই আমরা অনুরোধ করছি, ফাইনাল ম্যাচটি বাতিল করে প্রতিপক্ষ দলকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হোক।’ মূলত দুই পক্ষই যার যার হোম ভেনুতে খেলতে আপত্তি জানায়। অভিযোগ তোলে বেশ কয়েকবার হয়রানির শিকারেরও। মোহামেডান অভিযোগ তোলে দর্শকদের স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করা হতো। ফলে পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী গতকালের ফাইনাল আজও মাঠে গড়াবে কি না- সেটাই সন্দেহ।
উল্লেখ্য, ফাইনাল ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ চাইছেন মাঠের খেলায় নিষ্পত্তি হোক, আবার কেউ মনে করছেন দেশের ফুটবলে এমন পরিস্থিতি হতাশাজনক।



