নিজস্ব প্রতিবেদক
গত মে মাসে দেশজুড়ে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত ও এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন। এই সময়ে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত ও ২১৯ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৬ দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং নিহতের ৩৭ দশমিক ১৩ শতাংশ ও আহতের ১৩ দশমিক ২৫ শতাংশ। গতকাল শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৮০টি সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে ২৭টি। এতে ৩৮ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। প্রকৃত হতাহতের ঘটনা আরো বেশি হতে পারে। যা সংবাদপত্রে স্থান না পাওয়ায় তুলে আনা সম্ভব হয়নি।
এ ছাড়া গত মাসে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। নৌপথে ২১টি দুর্ঘটনায় নিহত ১৫ জন, আহত ১৫ জন ও সাতজন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১৬৯৬ জন আহত হয়েছেন।
সড়কে দুর্ঘটনায় নিহতদের মধ্যে- দু’জন পুলিশ সদস্য, দু’জন বিজিবি সদস্য, একজন চিকিৎসক, একজন বীর মুক্তিযোদ্ধা, ১৩৬ জন বিভিন্ন পরিবহনের চালক, ১১০ জন পথচারী, ৬৯ জন নারী, ৫৯ জন শিশু, ৭৩ জন শিক্ষার্থী, ৪৯ জন পরিবহন শ্রমিক, ৮ জন শিক্ষক, একজন আইনজীবী ও তিনজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, এই সময় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ৯৭৫টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৮ দশমিক ৬৯ শতাংশ মোটরসাইকেল, ২৩ দশমিক ১০ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি, ১৪ দশমিক ৪৫ শতাংশ বাস, ১২ দশমিক ৯৭ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৬ দশমিক ৫৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৭ দশমিক ৪৮ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক ৭৫ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস রয়েছে।
সংঘটিত মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৩০ শতাংশ গাড়ি চাপা বা ধাক্কা দেয়ার ঘটনা, ৪২ দশমিক শূন্য ৮ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৮ দশমিক ৯২ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, পাঁচ দশমিক ৫৪ শতাংশ বিবিধ কারণে, শূন্য দশমিক ৩২ শতাংশ চাকায় ওড়না পেচিয়ে এবং শূন্য দশমিক ৮১ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষ ঘটে।
এ ছাড়া মোটরকার দুর্ঘটনায় বা জিপ ১০ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৫৪ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮৫ জন, পিকআপ দুর্ঘটনায় ৩০ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় পাঁচজন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ছয়জন, ভ্যান দুর্ঘটনায় ১৬ জন, ট্রাক্টর দুর্ঘটনায় আটজন, ইজিবাইক দুর্ঘটনায় ১৭ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ৩৪ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৫০ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৮৬ জন।



