সেনবাগে বিদ্যালয়ের অবকাঠামো সংস্কারের নির্দেশ এমপি ফারুকের

Printed Edition

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

গতকাল বুধবার পরিদর্শনকালে টানা বৃষ্টির মধ্যেও শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে কয়েকটি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

পরিদর্শনে তিনি দেখেন, কয়েকটি বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের চলাচলে বিঘœ ঘটছে। এছাড়া ডোমনা কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ছে।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিদ্যালয়ের মাঠে দ্রুত বালু ফেলে চলাচলের উপযোগী করার অনুরোধ জানান তিনি। একই সাথে উপজেলা প্রকৌশলীকে বিদ্যালয়গুলো জরুরি ভিত্তিতে পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে এমপি জয়নুল আবদিন ফারুক বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গঠনের ভিত্তি। তাই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।