অতিরিক্ত আইজিপি হলেন শিবচরের রেজাউল মল্লিক

Printed Edition

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি ও মাদারীপুর জেলার শিবচরের কৃতী সন্তান রেজাউল করিম মল্লিক পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন। গত ৪ জুন ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-২ অনুযায়ী যোগদানের তারিখ থেকে তার এই পদোন্নতি কার্যকর হবে।

রেজাউল করিম মল্লিক শিবচর থানাসংলগ্ন ঐতিহ্যবাহী মল্লিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজী আবদুর রশিদ মল্লিক ছিলেন শিবচর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। পদোন্নতির বিষয়ে তার সহোদর ও শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক জানান, বিগত ১৭ বছরে তার ভাই পদোন্নতির ক্ষেত্রে নানা বৈষম্য ও প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। তবে তিনি কখনো সততা ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। দীর্ঘ প্রতীক্ষা, ধৈর্য ও পেশাগত নিষ্ঠার এক উজ্জ্বল স্বীকৃতি হিসেবে তিনি আজ এই মর্যাদাপূর্ণ পদে উন্নীত হয়েছেন।