কেন্দুয়ায় বন্যার সহায়তা বিতরণে অনিয়ম

Printed Edition

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার কেন্দুয়ায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষক তালিকার বাইরে থাকলেও কম ক্ষতিগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত নন- এমন ব্যক্তিদের সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকটি ইউনিয়নে সহায়তা বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, উপজেলার তালিকাভুক্ত চার হাজার ৯৩৯ জন কৃষকের মধ্যে সরকারি সহায়তা বিতরণকার্যক্রম চলছে। তবে অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের প্রভাবে বৈষম্যমূলক তালিকা তৈরি করা হয়েছে এবং অর্থের বিনিময়ে অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বিএনপি নেতা মুখলেছসহ দুই শতাধিক বঞ্চিত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পাইকুড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকরাও একই অভিযোগ করেছেন। উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম হাবিব বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। রোয়াইলবাড়ী ইউনিয়নের কৃষক আল আমিন বলেন, তার আড়াই একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হলেও তিনি কোনো সহায়তা পাননি। একই অভিযোগ করেছেন বলাইশিমুল ইউনিয়নের কয়েকজন কৃষকও। উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা জানান, তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে দুই মাসের জন্য একসাথে তিন হাজার টাকা ও ৩০ কেজি করে সহায়তা দেয়া হচ্ছে। মোট তিন মাস এ সহায়তাকার্যক্রম চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বলাইশিমুল ও দলপা ইউনিয়নের কিছু বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।