নয়া দিগন্ত ডেস্ক
দেশের ক্রমবর্ধমান তাপমাত্রার কথা মাথায় নিয়ে একটি জাপানি কোম্পানি বাজারে নতুন ‘মানব রেফ্রিজারেটর এনেছে’। ‘মানব রেফ্রিজারেটর’ হিসেবে বাজারজাত করা ডো হিয়েমেন বক্সটি একটি সাধারণ জাপানি ভেন্ডিং মেশিনের আকারের এবং এর ভেতরে পুরো একজন মানুষ থাকতে পারে।
বক্সটির ভেতরের তাপমাত্রা ৫৯ ডিগ্রি ফারেনহাইটে রাখা হয় এবং ভেতরে প্রবেশ করার পর, একজন ব্যক্তির মাথা, ঘাড়, কাঁধ ও পিঠে সজোরে ঠাণ্ডা বাতাস প্রবাহিত করা হয়।
রেফ্রিজারেশন ও ভেন্ডিং মেশিন প্রস্তুতকারক এসডিআরএস দ্বারা তৈরি এ বক্সটি গ্রীষ্মের তীব্র গরমে ব্যবসায়িক এবং অন্যান্য জনসমাগমস্থলে ব্যবহারের জন্য শিল্প সরঞ্জাম সরবরাহকারী ট্রাসকো নাকায়ামা বাজারজাত করছে।
কোম্পানিটি জানিয়েছে যে, এই বক্সগুলো দ্রুত শরীরকে ঠাণ্ডা করার মাধ্যমে তাপজনিত অবসাদের উপসর্গ কমাতে সাহায্য করতে পারে। এটি এমন সব জায়গার জন্য বাজারজাত করা হচ্ছে যেখানে মানুষ বাইরে বা উন্মুক্ত স্থানে কাজ করে, যেমন নির্মাণ সাইট।
গুনমা প্রিফেকচারের মায়েবাশি সিটি হল প্রথম বাক্সগুলোর মধ্যে একটি অনুদান হিসেবে পেয়েছে এবং সাধারণ মানুষ তাদের কর্মঘণ্টার মধ্যে এটি বিনামূল্যে ব্যবহার করতে পারছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাপান জুড়ে তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রিতে পৌঁছেছে। ১৫ জুলাই, টোকিওতে এক দিনেই মোট ৪৮ জন হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডো হিয়েমেন বক্সটির বর্তমান খুচরা মূল্য ৯ হাজার ৩২৬.২৫ ডলার। ইন্টারনেট।



