- পিডব্লিউডি ১-০ ঢাকা আবাহনী
- ০-০ ইয়ংম্যান্স
ফেডারেশন কাপের রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। এই আসরে দুই দফা তাদের হ্যাটট্রিক শিরোপা। প্রথমটি ১৯৯৭, ১৯৯৯ এবং ২০০০ সালে। পরেরটি ২০১৬,২০১৭ ও ২০১৮ সালে। এ ছাড়া সর্বশেষ চারটি আসরের তিনটিরই ফাইনালিস্ট। একবার চ্যাম্পিয়ন। অথচ সেই আকাশী নীল শিবিরকে এবার বিদায় নিতে হলো আসরের গ্রুপ পর্ব থেকেই। কিংস এরিনায় গতকাল তাদের জয়ের বিকল্প ছিল না পিডব্লিউডির বিপক্ষে। তবে জয়তো দূরের কথা ড্রও করা সম্ভব হয়নি মারুফুল হকের দলের পক্ষে। দর্শকপ্রিয় এই ক্লাবটির হার আনোয়ার হোসেনের দলের কাছে ০-১ গোলে। অবশ্য আবাহনীকে বিদায় করেও লাভ হয়নি পিডব্লিউডির। অপর ম্যাচে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলের সাথে গোলশূন্য ড্র করে কোয়ালিফায়ার টুতে উঠে গেছে রহমতগঞ্জ। পুরান ঢাকার দল এবং অফিস ক্লাবটির পয়েন্ট সমান ৬ হলেও গোল পার্থক্যে এগিয়ে কামাল বাবুর দল। আর ৪ পয়েন্ট নিয়ে আবাহনী হয়েছে চতুর্থ।
ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপ থেকে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফায়ার ওয়ানে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। তারা খেলবে বসুন্ধরা কিংসের সাথে। আর কোয়ালিফায়ার টুতে মোহামেডানের প্রতিপক্ষ রহমতগঞ্জ। ৫ মে এই দুই খেলা। এরপর ১২ মে কোয়ালিফায়ার থ্রিতে খেলবে কোয়ালিফায়ার ওয়ানের হেরে যাওয়া দল এবং কোয়ালিফায়ার টুতে জয়ী দল। এই ম্যাচে বিজয়ীরা ২১ মে কোয়ালিফায়ার ওয়ানের জয়ী দলের সাথে ফাইনালে খেলবে।
কিংস এরিনায় ৬৬ মিনিটে জাতীয় দল থেকে বাদ পড়া আবদুল্লাহর গোলে আবাহনীকে হারায় পিডব্লিউডি। তাদের এই জয়ের পর রহমতগঞ্জ যদি হেরে যেত ইয়ংম্যান্সের কাছে তাহলে কাজ হতো। তখন পিডব্লিউডিই চলে যেত পরের রাউন্ডে; কিন্তু রহমতগঞ্জ কাক্সিক্ষত ড্র করেই এখন ২০২১-২২ সালের পর ফের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে।
তবে আবাহনীর এই হার ছিল অপ্রত্যাশিত। কারণ তারা বাংলাদেশ ফুটবল লিগের টানান দশ ম্যাচে অপরাজিত। এর মধ্যে টানা ছয় ম্যাচে তারা জিতেছে; কিন্তু কাল তাদের হারে ছিটকেই যেতে হলো সিজনের একমাত্র টুর্নামেন্ট থেকে।



