হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম হাটিলা মজুমদার বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন বাবা-ছেলে। তাদের মধ্যে গুরুতর আহত রুবেলকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে দেলোয়ার হোসেনের বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরে সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে পার্শ্ববর্তী একটি বিল্ডিংয়ের এক পাশের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।


