পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ‘স্কিল এনহেন্সমেন্ট অ্যান্ড প্রফেশনাল ওয়ার্কপ্লেস ডিসিপ্লিন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত ১৪ ও ১৭ মে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়। কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ এনায়েত করিম।
প্রশিক্ষণের প্রথম দিনে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি), চট্টগ্রামের উপপরিচালক মো: দিদারুল আলম সরকারি আচরণবিধি, সভা প্রস্তুতি, কার্যবিবরণী প্রণয়ন ও প্রশাসনিক শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন। পরে বাংলাদেশ টি বোর্ডের যুগ্ম সচিব ইয়াসমিন পারভীন তিব্রিজী দাফতরিক চিঠিপত্র, ই-মেইল রচনা, ফাইল ব্যবস্থাপনা, ট্র্যাকিং ও অনুমোদন প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণ দেন। এ সময় অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা ও দাফতরিক সমস্যার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।
দ্বিতীয় দিনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সিনিয়র সহকারী সচিব ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা অফিসিয়াল নথিপত্র প্রণয়ন, কার্যপ্রবাহ ব্যবস্থাপনা, ডিজিটাল ও কাগজভিত্তিক ফাইল সংরক্ষণ ব্যবস্থা এবং আধুনিক দাফতরিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। এ ছাড়া আরপিএটিসি, চট্টগ্রামের সিনিয়র সহকারী সচিব শাহরিন ফেরদৌসী অফিস শিষ্টাচার, প্রটোকল, ড্রেস কোড, পেশাগত আচরণ ও অফিসিয়াল রেকর্ড সংরক্ষণ বিষয়ে বক্তব্য দেন। প্রশিক্ষণে দক্ষতা বৃদ্ধি, সময়ানুবর্তিতা ও সুশৃঙ্খল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।



