নব্বই দশকের গায়ক বাদশা বুলবুল অসুস্থ

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

নব্বই দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এ কারণে জরুরি চিকিৎসার অংশ হিসেবে রিং (স্টেন্ট) বসানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত এই শিল্পীর আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৭টায় হার্টে তিনটি রিং বসানো হবে। বিষয়টি নিশ্চিত করে নিজেই ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।

বাদশা বুলবুল গতকাল বুধবার জানান, কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে এনজিওগ্রাম করালে হার্টে তিনটি ব্লøক ধরা পড়ে। এরপর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘সুস্থ হয়ে আবার যেন সবার মাঝে ফিরতে পারি।’

সঙ্গীতজীবনের শুরুটা হয়েছিল মায়ের কাছ থেকেই। ফোক গান দিয়ে পথচলা শুরু হলেও পরে আধুনিক গান দিয়েই ব্যাপক জনপ্রিয়তা পান এই শিল্পী। ১৯৮১ সালে স্টেজ শো’র মাধ্যমে সঙ্গীতজীবন শুরু করেন বাদশা বুলবুল। দীর্ঘ পথচলায় তিনি ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভিন্নধর্মী কণ্ঠ ও গানের মাধ্যমে। ১৯৮৮ সালে মিল্টন খন্দকারের সুরে তার প্রথম অ্যালবাম ‘বুকের কাছাকাছি’ প্রকাশিত হয়। তবে সে সময় দেশের ভয়াবহ বন্যার কারণে অ্যালবামটি প্রত্যাশিত সাড়া পায়নি।

পরে ১৯৯৫ সালে ‘সে যেনো চির সুখী হয়’ অ্যালবাম প্রকাশের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বিশেষ করে ‘সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি, মরেছে মনের যত আশা’ গানটি তাকে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে দেয়।