রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকার আবুল হোসেন সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন সর্দার পেশায় একজন জেলে। অভিযানের সময় তিনি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তার স্ত্রী খালেদা আক্তারের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি বসতঘরে এভাবে অস্ত্র মজুদ থাকার ঘটনায় তারা উদ্বিগ্ন। অস্ত্রগুলো কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সাথে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
তবে অভিযানের সময় আবুল হোসেন সর্দার বাড়িতে না থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আবুল হোসেন সর্দার ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে তার স্ত্রী ঘরে অস্ত্র থাকার তথ্য পুলিশকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



