মাধবদী (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর শিবপুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো: হারুনুর রশিদ খান হত্যাকাণ্ডে জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ সম্প্রতি আরিফ নামের ওই আসামিকে গ্রেফতার করে। পরে বাংলাদেশ পুলিশের একটি টিম দুবাই গিয়ে গ্রেফতারকৃত আসামিকে বাংলাদেশে নিয়ে আসে। গ্রেফতার আরিফ সরকার (৪০) শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজউদ্দিন সরকারের ছেলে। বুধবার আরিফকে আদালতে সোপর্দ করা হয়।
নিহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো: হারুনুর রশিদ খাঁ নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। জানা যায়, আসামি আরিফ সরকারসহ অন্যরা ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৬টার দিকে হারুনুর রশিদের বাসায় ঢুকে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৩১ মে মারা যান। নিহতের ছেলে মামলা করলে প্রথমে থানা পুলিশ এ ঘটনার তদন্ত করে। পরে বাদির আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই মামলার তদন্তভার গ্রহণ করে।



