ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার রেকর্ড ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ৭২টি ম্যাচ। ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত চলা এই পর্বে প্রতিদিনই একাধিক ম্যাচ থাকায় পুরো সূচি অনুসরণ করা অনেক সমর্থকের জন্য কঠিন হতে পারে। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, কিছু ম্যাচ রয়েছে যেগুলো টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। ইতিহাস, তারকা খেলোয়াড়, ট্যাকটিক্যাল লড়াই এবং গ্রুপের সমীকরণ বিবেচনায় ব্রাজিল-মরক্কো, নেদারল্যান্ডস-জাপান, ফ্রান্স-সেনেগাল, ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ও কলম্বিয়া-পর্তুগাল ম্যাচগুলোকে গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হিসেবে দেখা হচ্ছে।
ব্রাজিল-মরক্কো
প্রথম সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ১৪ জুন সকালে নিউ জার্সিতে অনুষ্ঠিত ব্রাজিল ও মরক্কোর ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে থাকবে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল শিরোপার অন্যতম দাবিদার হলেও আফ্রিকার বর্তমান অন্যতম শক্তিশালী দল মরক্কো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ভিনিসিয়ুস জুনিয়র, আচরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজদের উপস্থিতি ম্যাচটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
নেদারল্যান্ডস-জাপান
ডালাসে ১৪ তারিখ রাতে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও জাপান। সাম্প্রতিক বছরগুলোতে জাপান বিশ্বকাপে বড় দলগুলোকে চমকে দেয়ার ক্ষমতা দেখিয়েছে। ২০২২ সালে তারা গ্রুপ পর্বে জার্মানি ও স্পেনকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। অন্য দিকে নেদারল্যান্ডস এখনো প্রথম বিশ্বকাপ শিরোপার খোঁজে। ফলে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নির্ধারণে এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফ্রান্স-সেনেগাল
১৬ জুন নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ফ্রান্স ও সেনেগালের বহুল প্রতীক্ষিত লড়াই। দুই দলের শেষ বিশ্বকাপ সাক্ষাৎ ছিল ২০০২ সালে, যখন সেনেগাল উদ্বোধনী ম্যাচে তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলকে বিস্মিত করেছিল। দুই দশকের বেশি সময় পর সেই স্মরণীয় ম্যাচের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। কঠিন গ্রুপ ‘আই’-এ নরওয়ে ও ইরাকও থাকায় এই ম্যাচের ফল গ্রুপের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া
১৭ জুন ডালাসে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচও থাকবে বিশেষ আলোচনায়। এটি ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনালের পুনরাবৃত্তি, যেখানে ক্রোয়েশিয়া পিছিয়ে থেকেও জিতে ফাইনালে উঠেছিল। নতুন কোচ টমাস টুখেলের অধীনে বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রথম বড় পরীক্ষা হবে এই ম্যাচ। গ্রুপ ‘এল’-এ শীর্ষস্থান দখলের লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ হতে পারে।
কলম্বিয়া-পর্তুগাল
গ্রুপ পর্বের শেষ দিকের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ধরা হচ্ছে ২৭ জুন মায়ামিতে কলম্বিয়া ও পর্তুগালের ম্যাচটি। বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করা কলম্বিয়া লুইস দিয়াজ ও হামেস রদ্রিগেজের ওপর ভরসা করবে, আর পর্তুগাল থাকবে গ্রুপের অন্যতম ফেবারিট হিসেবে। অনেকের ধারণা, এই ম্যাচই গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান নির্ধারণ করবে। বিশ্বকাপে চমক সবসময়ই থাকে, তবে কাগজে-কলমে এই পাঁচটি ম্যাচই গ্রুপ পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। ফুটবলপ্রেমীরা তাই শুরু থেকেই নজর রাখবেন এই মহারণগুলোর দিকে, যেগুলো শুধু গ্রুপের সমীকরণই নয়, পুরো টুর্নামেন্টের গতিপথও বদলে দিতে পারে।



