প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা : ভূমিমন্ত্রী

Printed Edition

রাজশাহী ব্যুরো

ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হয়েছে। সেই লক্ষ্যে শিশু-কিশোরদের মাঝে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিকশিত করতে হবে।’ রোববার বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। সেই লক্ষ্যেই এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।’

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। আজকের এই প্রতিযোগীদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে।’

আঞ্চলিক পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বিকেল থেকেই স্টেডিয়াম প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যায়। বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে সারিবদ্ধভাবে মাঠে অবস্থান নেয়। গ্যালারিতে ছিল অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও ক্রীড়া সাজসজ্জায় পুরো স্টেডিয়ামজুড়ে এক প্রাণবন্ত ও উৎসবের আবহ তৈরি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।