কুমিল্লা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গৌতমপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে ছয়জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। গত সোমবার দুপুরে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বিজিডিসিএলের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
আদালত সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮টি অবৈধ সংযোগের রাইজার কেটে দেয়া হয়। এ সময় ২০ মিটার এমএস পাইপ অপসারণ এবং দু’টি রেগুলেটর জব্দ করা হয়। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক (বিক্রয়) শফিকুল হক উপস্থিত ছিলেন।



