ফুলছড়ি হাটে ৮ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

Printed Edition

ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে দোকানের মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সাঘাটার দু’টি ও গাইবান্ধার একটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পাঁচটি ইউনিটের সমন্বিত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ৩৮ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় ৭৩ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, মোট ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। আগুনে মুদি, হার্ডওয়্যার, ওষুধ, কাপড় ও কসমেটিকসের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুল খালেক, ওষুধ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান ও মুদি ব্যবসায়ী জেহাদ আলীসহ কয়েকজন ব্যবসায়ীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।