রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নে সরকারি পানি উন্নয়ন বোর্ডের একটি সেচ খালের অংশ ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়ার বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন নির্মাণকাজ বন্ধ করে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের প্রায় ২৭ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে ৭৫ মিটার দৈর্ঘ্য ও ১২ ফুট প্রশস্ত একটি সড়ক নির্মাণের কাজ চলছিল। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা নির্মাণের জন্য খালের একাংশে মাটি ও বালু ফেলে ভরাট করায় পানি চলাচল ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন রাস্তার পাশে খালের অংশে মাটি ও বালু পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, খাল ভরাটের কারণে বৃষ্টির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। তারা আরো অভিযোগ করেন, এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নের প্রয়োজন থাকলেও সরকারি অর্থে চেয়ারম্যানের ব্যক্তিগত সুবিধার জন্য এ প্রকল্প নেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, খালের অংশ দখল করে গজারি গাছ ও বাঁশ দিয়ে ঘের তৈরি করে সেখানে মাটি ও বালু ফেলা হয়েছে। এতে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তারা প্রকল্পটি পুনর্বিবেচনার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া। তিনি বলেন, এটি কোনো ব্যক্তিগত রাস্তা নয়; স্থানীয় বাসিন্দা ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য নির্মাণ করা হচ্ছে। খাল ভরাটের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, বিধি অনুযায়ী প্রকল্পটির জন্য বরাদ্দ দেয়া হয়েছে। যদি তদন্তে সরকারি খালের ওপর রাস্তা নির্মাণের সত্যতা পাওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম জয় বলেন, প্রাথমিকভাবে প্রকল্পটি শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে নেয়া হয়েছে বলে জানানো হয়েছিল। তবে সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত সুবিধার জন্য রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।



