চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে ৯টি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬ এর যাত্রী ভারতীয় নাগরিক তামিম আনসারী কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম কালে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি দল তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণ টুকরাগুলো উদ্ধার করা হয়। ৪২৭ গ্রাম ওজনের এসব স্বর্ণের টুকরার বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল নয়া দিগন্তকে জানিয়েছেন, ভারতীয় নাগরিক তামিম আনসারী (পাসপোর্ট নং-জেডএ ৮০৬২৮৪) তামিল নাডুর চেন্নাই এর বাসিন্দা। তামিম আনসারী এই রুটে নিয়মিত যাতায়াত করেন এবং কাপড় ব্যবসায় যুক্ত আছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ৪২৭ গ্রাম এবং এর বাজার মূল্য আনুমানিক ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনে জড়িত ও আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াও চলমান এবং মামলা শেষে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।



