ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শনিবার বাস ট্রিপ চালুর অনুমোদন দিয়েছে ঢাবি প্রশাসন। এই সার্ভিস চালুর দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা।
ডাকসু নেতাদের অভিযোগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ডাকসুর উদ্যোগে পরিবহন খাতে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ আনার পরও শনিবারের বাস সার্ভিস চালুর প্রক্রিয়া আটকে রাখা হয়েছে।
সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে ডাকসু নেতাকর্মীরা ‘শিক্ষার্থীদের অধিকার, খর্ব করে ট্রেজারার’, ‘ডাকসুর আনা বরাদ্দে, ট্রেজারারের নজর কেন’ এবং ‘শিক্ষার্থীদের ভোগান্তি, ট্রেজারারের প্রশান্তি’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় সিনেট ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছিল। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে কয়েকজন ডাকসু নেতা সভাকক্ষে প্রবেশ করলে ভিসিসহ সিন্ডিকেট সদস্যদের সাথে তাদের বাকবিত-ার ঘটনা ঘটে। পরে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর আশ্বাসে তারা সভাকক্ষ ত্যাগ করেন।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল শনিবার বাস ট্রিপ চালু করা। ইউজিসি থেকে পরিবহন খাতে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ আনার পরও ট্রেজারারের টেবিলে ফাইল আটকে আছে। তিনি আরো বলেন, ডাকসুর মেয়াদ এক বছর হলেও তারা দুই বছরের জন্য বাজেট এনেছেন, যাতে শিক্ষার্থীদের স্বার্থে অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করা যায়। কিন্তু বিভিন্ন অজুহাতে কাজগুলো বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে তার কাছে আসার পর তিনি তা সিন্ডিকেট সভার এজেন্ডাভুক্ত করেছেন। সভায় আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
পরে সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শনিবার বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।



