সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস সবারই রয়েছে। খাওয়ার আগে, খাওয়ার পরে, হাঁচি দেয়ার পর। বিশেষ করে সচেতনতা বৃদ্ধি পেয়েছে করোনার পর থেকে। আর এই অভ্যাস রয়েছে মানেই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন, এমন ধারণাও পোষণ করেন অনেকে। কিন্তু সমস্যা লুকিয়ে রয়েছে হাত ধোয়ার পদ্ধতিতে। সেখানে ভুল থেকে গেলে জীবাণু ধ্বংস করা সম্ভব নয়।
প্রতি দিন অসংখ্য জিনিস স্পর্শ করেন। তা সে মোবাইল ফোন, দরজার হাতল, লিফটের বোতাম হোক বা টাকা, কম্পিউটারের কিবোর্ড-মাউস হোক বা বাস-ট্রেনের সিট। এই সব কিছুর মাধ্যমেই নানা ধরনের জীবাণু হাতে এসে জমা হতে পারে। তা ছাড়া হাঁচিকাশি থেকেও জীবাণু ছড়িয়ে পড়তে পারে। আর তাই চিকিৎসকদের মত, সঠিক ভাবে হাত ধোয়ার অভ্যাস থাকলে সংক্রমণের ঝুঁকিভাবে কমানো সম্ভব। গবেষণায় দেখা গিয়েছে, নিয়ম মেনে হাত ধুলে বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে। কিন্তু সমস্যা হলো- বেশির ভাগ মানুষই হাত ধোয়ার সঠিক নিয়ম মেনে চলেন না। ফলে হাত ধোয়া হলেও অনেক জীবাণু হাতেই থেকে যায়।
কী কী ভুল হয় হাত ধোয়ার সময়ে?
* খুব কম সময় ধরে হাত ধোয়া
* আঙুলের ভাঁজগুলি পরিষ্কার না করা
* নখের নিচের অংশ উপেক্ষা করা
* হাতের উল্টো দিক না ধোয়া
কিভাবে হাত ধোবেন তা হলে?
প্রথমে পরিষ্কার পানিতে হাত ভিজিয়ে নিন। তার পর সাবান মেখে নিন। হাতের তালু, হাতের উল্টো দিক, আঙুলের ফাঁক, বুড়ো আঙুল ও নখের চার পাশ এবং ভেতরের অংশ ভালো করে ঘষুন। অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ঘষতে হবে। তার পর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। একটি পরিষ্কার তোয়ালে বা গামছা দিয়ে ভালোভাবে হাত মুছে নিন। মনে রাখবেন হাত ভিজে থাকলে সংক্রমণের ঝুঁকি আরো দ্রুত বাড়তে পারে। ইন্টারনেট



