রূপগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Printed Edition

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রফতানিমুখী নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার যাত্রামুড়া স্লুইজ গেট এলাকায় তারা এ অবরোধ কর্মসূচি পালন করে।

শ্রমিকরা জানায়, নোবেল কটন স্পিনিং কারখানায় তুলা থেকে সুতা উৎপাদন করা হয়। সেই সুতা বিদেশে রফতানি করা হয়। এ কারখানায় সাত শতাধিক শ্রমিক কাজ করে। তিন মাসের বকেয়া বেতনের জন্য মালিকপক্ষের সাথে শ্রমিকদের একাধিকবার বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বুধবার বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। শ্রমিকরা পুনরায় বকেয়া বেতনের দাবি জানালে মালিকপক্ষ বেতন দিতে অপারগতা প্রকাশ করেন। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কাজে যোগ না দিয়ে কারখানার পার্শবর্তী ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় অবরোধ করে। এ সময় মহাসড়কের উভয়দিকে ছয় কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে পথচারী ও পরিবহনের যাত্রীরা।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বেলা দেড়টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের শান্ত করেন। এ সময় আজ বৃহস্পতিবার সকালে বেতন-ভাতা পরিশোধ করার মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, বেলা দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি শান্ত রয়েছে।