নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবক মাত্র তিন সেকেন্ডে ৩০ ফুট উঁচু গাছের মগডালে উঠে বিস্ময়ের জন্ম দিয়েছেন। সোমবার (১২ মে) রাতে যুবক মিনহাজ উদ্দিন (২৬) উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এমন করেছেন। তিনি ওই এলাকার জানে আলমের ছেলে। স্থানীয় যুবক ইকবাল হোসেন জানান, দুপুর ১২টার দিকে মিনহাজ তার ঘরের পেছনে গাছের বিভিন্ন ডালপালা কাটেন। কিন্তু মাগরিবের পর থেকে হঠাৎ একা একা বকাবকি শুরু করেন এবং বলেন, তোমাদের চারজনের সাথে আমি পারব না। গাছটি আমি কেটে ফেলব। একপর্যায়ে দুপুরে যে স্থানে গাছ কাটছিলেন, দৌড়ে সেখানে চলে যান এবং প্রায় তিন সেকেন্ডের মধ্যে ৩০ ফুট উঁচু গাছের মগডালে উঠে বসে পড়েন। এরপর তিনি চেঁচামেচি ও হিংস্র প্রাণীর মতো বিভিন্ন ধরনের শব্দ করতে থাকেন। এ সময় তাকে নেমে আসতে অনুরোধ করা হলেও সাড়া দেননি। একপর্যায়ে স্থানীয়রা ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে আজান দিতে থাকলে তিনি নিস্তব্ধ ও অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দড়ি দিয়ে বেঁধে ওপর থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি বাড়িতে আছেন। ইন্টারনেট



