ফেনীতে দিনব্যাপী নজরুল মেলা অনুষ্ঠিত

Printed Edition

ফেনী অফিস

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ফেনী আগমনের শতবর্ষ এবং সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ফেনীতে দিনব্যাপী নজরুল মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ফেনী সাহিত্য সভার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

সকালে শহরের মিজান রোডে স্থাপিত নজরুল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।

ফেনী সাহিত্য সভার আহ্বায়ক কবি শাবিহ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্যসচিব নইম উল্লাহ চৌধুরী বরাত এবং নজরুল গবেষক অধ্যাপক গাউছুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুন্সী রফিকুল আলম মজনু বলেন, কাজী নজরুল ইসলাম অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার সাহিত্য ও আদর্শ আজও সমাজকে অনুপ্রাণিত করে এবং ধর্মীয় সম্প্রীতির শিক্ষা দেয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, নারী জাগরণ, মানবতা ও স্বাধীনতার চেতনা নিয়ে নজরুলের চিন্তা আজও প্রাসঙ্গিক।