বাঁশখালীতে খাল দখল করে জেটি নির্মাণ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

Printed Edition

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ফাঁড়িরমুখ এলাকায় জলকদর খাল দখল করে জেটি নির্মাণের অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, খালের প্রায় দেড় শ’ ফুট প্রস্থ ও ৫০ ফুট দৈর্ঘ্যরে জায়গা দখল করে জেটিটি নির্মাণ করা হয়েছে।

এ ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলেও ইতোমধ্যে নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। খাল দখলের ঘটনায় জনমনে অসন্তোষ থাকলেও ভয়ের কারণে অনেকে মুখ খুলছেন না। অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী অনুপম পাল বলেন, ‘কাজ বন্ধ রাখতে অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চিঠি দেয়া হয়েছে। তবে উচ্ছেদ অভিযান পরিচালনার ক্ষমতা আমাদের নেই।’

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম বলেন, ‘এটি পাউবোর জায়গা। বিষয়টি নিয়ে তারা আমাদের অবগত করেছে। ডিসি অফিসে উচ্ছেদের জন্য নথি পাঠানো হবে। পরবর্তী ব্যবস্থা জেলা প্রশাসন নেবে।’