জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে তরুণদের ব্যতিক্রমী শপথ

Printed Edition

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় তরুণদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, প্রান্তজন এবং অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী ও তরুণ সংগঠকরা অংশ নেন। শপথবাক্য পাঠ করান কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।

শপথে অংশগ্রহণকারীরা পরিবার ও সমাজে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয়ার এবং পরিবেশবান্ধব পৃথিবী গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় জনপদগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এখন সময়ের দাবি। তরুণদের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই কেবল একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।