সালথায় পাটের গোডাউনে আগুন, পুড়ল ৩ দোকান,ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা বাজারে পাটের গোডাউনে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫০ মণ পাট ও ৩০ মণ ভুষিমালসহ বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলা সদরের পুরুরা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পাট ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তার গোডাউনের টিনশেডের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো ছিল। সকালে সেই তার ছিঁড়ে গোডাউনের ওপর পড়লে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পাশের আরো দু’টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে তার ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুর ডাল পুড়ে যায়।

সালথা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো: আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ধারণা করা হচ্ছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে বিদ্যুতের লাইন টানানো থাকায় প্রায়ই এমন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

সালথা বিদ্যুৎ অফিসের এজিএম মো: রেজাউল করিম বলেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দবির উদ্দীন জানান, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেয়া হবে।