আইআইইউসিতে সেমিনারে ড. আলী আজাদী

ইসলামী ব্যাংকিংয়ে জবাবদিহিতা সুশাসন নিশ্চিত করতে হবে

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আল্লাহ তায়ালা আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং দুটো গ্রুপ করে দিয়েছেন। একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। শয়তান প্রতি মুহূর্তে ডিস্টার্ব করবে আল্লাহর দল হিজবুল্লাহকে। এখন হিজবুল্লাহর কোনো কাজ করতে গেলে, হিজবুশ শয়তান সেখানে উপস্থিত থাকে কী করে ওটা তছনছ করে দেয়া যায়। ঠিক ইসলামিক ব্যাংকের ক্ষেত্রেও হিজবুশ শয়তান ঢুকে হিজবুল্লাহদেরকে তছনছ করে দিয়েছে। অতীতে ব্যাংকিং খাতে এমন ঘটনা ঘটেছে; যেখানে কিছু ব্যক্তি ও গোষ্ঠী নামে-বেনামে ঋণ গ্রহণ করে বিপুল পরিমাণ অর্থের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা ব্যাংকিং ব্যবস্থার জন্য বড় ধরনের ঝুঁঁকি সৃষ্টি করেছে। এসব অনিয়ম ও দুর্নীতির সুযোগ বন্ধ করতে শক্তিশালী জবাবদিহি ব্যবস্থা, কার্যকর তদারকি এবং সুশাসন প্রতিষ্ঠা জরুরি।

শনিবার আইআইইউসির সেমিনার হলে অনুষ্ঠিত ‘রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডিসিশন মেকিং : অ্যা মডেল ফর অ্যাকাউন্টেবল ব্যাংকিং প্র্যাকটিস উইথ পার্টিকুলার রেফারেন্স টু ইসলামিক ব্যাংকিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইআইইউসির সমাজবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসির সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম। প্রফেসর মনির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: শরিফুল হক। বিজ্ঞপ্তি।