শালিখা (মাগুরা) সংবাদদাতা
মাগুরার শালিখা উপজেলায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধ করতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেল ৩টায় উপজেলা সমাজসেবা অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘ঘুষ, দুর্নীতি, দখলদারী ও চাঁদাবাজি কোনো অবস্থাতেই মেনে নেয়া হবে না। এসবের বিরুদ্ধে আমি জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করে যাব। গত ২০ বছর ছিল অন্ধকার যুগ। তখন দেশে আইন, বিচার ও শাসন ছিল না। ছিল শুধু চুরি আর দুর্নীতির প্রতিযোগিতা। যে যত বেশি চুরি করতে পারত, সে তত বড় আপন লোক হয়ে উঠত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কমিশনার ভূমি সাব্বির হাসান, উপজেলা বিএনপি সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপি সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাত। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা। অনুষ্ঠানে পঙ্গুয়া শহীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী।



