তিন ফাইনালে প্রথমবার ইংলিশ ক্লাব

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে জয়জয়কার ইংল্যান্ডের ক্লাবগুলোর। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে এর শুরুটা করেছিল আর্সেনাল। গত পরশু ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের ফাইনালে উঠে তা পূর্ণ করল অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেস। আর তাতেই এক মৌসুমে প্রথমবার ইউরোপের তিনটি বড় প্রতিযোগিতার ফাইনালেই জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের তিন ক্লাব।

অ্যাথলেটিকো মাদ্রিদকে বিদায় করে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠে আর্সেনাল। দুই লেগ মিলে স্প্যানিশ ক্লাবটিকে ২-১ ব্যবধানে পেছনে ফেলে ২০ বছর পর প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গানাররা। ৩০ মে তাদের প্রতিপক্ষ ফ্রান্স লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। উয়েফা ইউরোপা লিগে গত পরশু নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে দারুণ প্রত্যাবর্তন করেছে ভিলা। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের পর ফিরতি লেগে ফরেস্টকে ৪-০ গোলে উড়িয়ে ৪-১ এগ্রিগেটে ফাইনালের টিকিট কাটে উনাই এমেরির দল। কোচ হিসেবে রেকর্ড পঞ্চম ইউরোপা লিগ জয়ের সামনে দাঁড়িয়ে স্প্যানিশ ৫৪ বছর বয়সী এই কোচ। এর আগে ২০১৪, ২০১৫ ও ২০১৬ আসরে চ্যাম্পিয়ন করিয়েছিলেন সেভিয়াকে। ২০২১ সালে ভিলারিয়ালের কোচ হিসেবে শিরোপা জয় করেন তিনি।

ইউরোপ ফুটবলের তৃতীয় স্তরের প্রতিযোগিতা কনফারেন্স লিগে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্ককে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে ক্রিস্টাল প্যালেস। প্রথম লেগে শাখতারের মাঠে ৩-১ গোলের জয়ের সুবাদে দুই লেগ মিলে ৫-২ অগ্রগামিতায় শিরোপা থেকে এক ম্যাচ দূরে অবস্থান করছে ইংলিশ ক্লাবটি।