চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

Printed Edition

কক্সবাজার অফিস

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে হত্যাকাণ্ড ও অস্ত্র মামলায় ৯ জনকে যাবজ্জীবন, চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালীর রিজার্ভপাড়ার জাফর আলমের ছেলে মোহাম্মদ হেলাল উদ্দিন, রিংভং ছগিরশাহকাটার মৃত কামাল হোসেনের ছেলে নূরুল আমিন, পূর্ব ডুমখালীর রিজার্ভপাড়ার আবদুল মালেকের ছেলে মোহাম্মদ নাছির উদ্দিন এবং একই এলাকার আবুল কালাম কবিরাজের ছেলে মোর্শেদ আলম। মোর্শেদ আলম ছাড়া অন্যরা কারাগারে আছেন।

গতকাল বুধবার বেলা কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম আদালত) মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী রায় ঘোষণা করেন। আদালতের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী জানান, ‘রাষ্ট্রপক্ষের ৫২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আলোচিত এই মামলার বিচারকাজ সম্পন্ন হয়। সাক্ষীরা আদালতে জবানবন্দি দিয়েছেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন।’ উল্লেখ্য, ২০২৪ সালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে ছুরিকাঘাত করে হত্যা করে।

আইএসপিআর জানায়, ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে চকরিয়ার ডুলাহাজারা এলাকায় একটি সন্দেহভাজন বাড়ি ঘিরে ফেলে যৌথবাহিনী। এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করলে তারা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চকরিয়া খ্রিষ্টান হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা ঘটনায় দায়ের করা দু’টি মামলায় মোট ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।