ব্র্যাক ব্যাংকের ‘তারা উদ্যোক্তা ১০১ স্কেল-আপ সামিট’ অনুষ্ঠিত

Printed Edition

দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং নারী উদ্যোক্তাদের নিয়ে ‘তারা উদ্যোক্তা ১০১ স্কেল-আপ সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশে নারী-নেতৃত্বাধীন ব্যবসাসম্প্রসারণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উইমেনব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর উদ্যোক্তা উন্নয়ন যাত্রা তুলে ধরা হয়। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, আর্থিক জ্ঞান এবং পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে নারী উদ্যোক্তাদের সঠিক ধারণা দেয়া। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় এখন পর্যন্ত ৫০০-এরও বেশি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন।

ব্র্যাক ইউনিভার্সিটিতে দিনব্যাপী এই সম্মেলনে উদ্যোক্তা ও শিক্ষাবিদরা এই উদ্যোগের প্রভাব নিয়ে আলোচনা করেন এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে একটি ভবিষ্যৎ- কর্মপরিকল্পনা তৈরি করেন।

ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় এই প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা খাতের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হয়েছে, যা দেশে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ভিসি অধ্যাপক ড. শামস রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এমআর কবির এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এম এম নুরুল আবসারসহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি। বিজ্ঞপ্তি।