সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, বর্তমানে আদালতে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রায় ৮২ হাজার ৫০০ মামলা চলমান রয়েছে। এ মামলা জটিলতার কারণে সুষ্ঠুভাবে কিছুই করা যাচ্ছে না। এসব মামলার কারণে কাজের গতি কমে যাচ্ছে। এ ব্যাপারে আদালতের সাথে আলোচনা করা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে এ মামলাগুলোর নিষ্পত্তি করা যায়।
গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রাইমারি স্কুলগুলোতে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের এ পদ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় এ ব্যাপারে শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। দ্রুত এর সমাধান করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি জুলাই মাস থেকে পাইলট প্রকল্পের আওতায় সাড়ে চার লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুলের জুতা বিনামূল্যে দেয়া হবে। আমরা চাই শিশুদের আনন্দময় শিক্ষা। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, শিক্ষা মানে জিপিএ ৫ পাওয়া নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে ও পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. নুসরাত ফাতেমার ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন- পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বাবু অমল পোদ্দার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুমসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা ও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী বলেন, ক্লাস সিক্স থেকে সরকার কারিগরি শিক্ষাব্যবস্থা চালু করছে। প্রতিটি স্কুল ও কলেজকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে যাতে করে দেয়া মন্ত্রণালয়ে বসে শিক্ষা কার্যক্রম মনিটরিং করা যায়। ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্পের আওতায় সব শিক্ষককে একটি করে ট্যাব দেয়া হবে। এই ট্যাবের মাধ্যমে শিক্ষাসংক্রান্ত সব কিছুর সাথে শিক্ষক অনলাইনে যুক্ত থাকবেন এবং শিক্ষকের সব কার্যক্রম মন্ত্রণালয় সরাসরি পর্যবেক্ষণ করবে।
মন্ত্রী আরো বলেন, আমরা ক্ষমতা গ্রহণের পর দেখেছি শিক্ষকদের অবসর ভাতাসহ বিভিন্ন ভাতা থেকে প্রায় সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে আওয়ামী লীগ সরকার। ২০২২ সালে তারা অবসর ভাতা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল আমরা জুলাইয়ের শেষের দিকে শিক্ষকদেরকে আবারো এ ভাতা দেয়ার ব্যবস্থা করছি অন্তত প্রত্যেককে এক লাখ টাকা করে দিয়ে এ কার্যক্রম চালু করা হবে ক্রমান্বয়ে শিক্ষকদের সব দেনা পরিশোধ করা হবে।
মন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে বাজেট অনেক বেশি বাড়িয়েছেন আওয়ামী লীগ সরকার ৭৮ কোটি টাকার উপরে শিক্ষা খাতে বরাদ্দ রাখেনি সেখানে তারেক রহমান শিক্ষা খাতে বরাদ্দ রেখেছেন এক লাখ ৩৬ হাজার কোটি টাকা।
তিনি বলেন, শিক্ষার পরিবেশ বজায় রাখতে গ্রামে গ্রামে মাদক প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। তা ছাড়া অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরকে অনুদান দিতে হবে যাতে করে শিক্ষিত জাতি গড়ে উঠতে পারে। তিনি সোনারগাঁওয়ে একটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার ঘোষণা দেন এবং অচিরেই এই স্কুলের কাজ শুরু করবেন বলে জানান। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, পর্যাপ্ত জমির ব্যবস্থা করে দিলে সোনারগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে।



