কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাতের আঁধারে এক কৃষকের মরিচ ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত কৃষক। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাঘবের উমেদপুর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে জমিতে গিয়ে মরিচ গাছগুলো ভাঙা অবস্থায় দেখতে পান কৃষক ইমাম হোসেন খোকন। পরে জমিতে বসে তিনি আহাজারি করতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই মাস আগে ১৪ শতক জমিতে বগুড়া থেকে আনা বিদেশী হাইব্রিড উচ্চ ফলনশীল মরিচের আবাদ করেন খোকন। ফলন ভালো হওয়ায় তিনি লাভের আশা করেছিলেন। এক সপ্তাহ পর মরিচ বাজারজাত করার পরিকল্পনাও ছিল তার। চাষাবাদে ইতোমধ্যে প্রায় ২৮ হাজার টাকা খরচ হয়েছে। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ক্ষেতের সব মরিচগাছ মাটি থেকে উপরের অংশ ভেঙে ফেলে রেখে যায়। এতে পুরো ক্ষেত কার্যত বিনষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। যারা এ কাজ করেছে, তারা শুধু কৃষকের নয়, খাদ্য উৎপাদনেরও ক্ষতি করছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।



