ক্রীড়া প্রতিবেদক
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে হঠাৎ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ। মুখোমুখি বাংলাদেশ ফুটবল লিগে উন্নিত হওয়া দুই দল চট্টগ্রাম সিটি এফসি এবং সিটি ক্লাব। শেষ ম্যাচে চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে রানার্সআপ সিটি ক্লাব। গোলদাতা শাহেদ মিয়া ও ওয়াসকুরুন আহমেদ শাহেদ। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ম্যাচ শেষে ট্রফি তুলে দেন চ্যাম্পিয়ন চট্টগ্রামের দলটির হাতে। এমন একটি ট্রফি হাতে উঠার কথা ছিল শুকতারা যুব সঙ্ঘের ফরোয়ার্ড এমডি আমির আলীর। কারণ তিনি হয়েছেন এবারের বিসিএলের সর্বোচ্চ গোলাদাতা। করেছেন ১২ গোল। তাই কাল আমির আলী এসে উপস্থিত কমলাপুর স্টেডিয়ামে। তবে দিন শেষে বুক ভরা হতাশা নিয়েই বাড়ি ফিরতে হলো গোপালগঞ্জের এই ফুটবলারকে। কারণ বিসিএলে সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার দেয়ার কোনো নিয়ম রাখা হয়নি। ১০ গোল দিয়ে নিজেকে সর্বোচ্চ গোলদাতা ভেবেছিলেন বিআরটিসির গোলাম রাব্বীও। তাই তিনিও হাজির মাঠে। পরে অবশ্য বাফুফের পক্ষ থেকে তাকে জানানো হয় তিনি সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি।
সর্বোচ্চ গোলাদাতার ট্রফি না পেয়ে বেশ হতাশ ছিলেন আমির আলী। লিগে দলের ১৮ ম্যাচের ১৫টিতে মাঠে ছিলেন। গোল করেছেন এত ডজন বা তিন হালি। এর পরও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার না পেয়ে তিনি জানান, খুবই কষ্ট লাগছে সর্বোচ্চ গোলাদাতার পুরস্কার না পেয়ে। দেশের এত বড় একটা লিগ। পেশাদার লিগের দ্বিতীয় স্তর। অথচ এখানে সর্বোচ্চ গোলাদাতার পুরস্কার থাকবে না এটা কি মানা যায়? এত গুলো গোল করে আমার তো আশা ছিল প্রধান অতিথির গাত থেকে ট্রফিটি নিবো। কিন্তু ট্রফি না পেয়ে আমি খুবই হতাশ।’ বলেন, ‘রাইট উইংগার হয়ে সর্বোচ্চ গোলাদাতা হওয়াটা বেশ কঠিন কাজ।’
ট্রফি না পেলেও এখানেই থেমে যেতে চান না এই রাইট উইংগার কাম স্ট্রাইকার। যোগ করেন, এখন আমার লক্ষ্য প্রিমিয়ার লিগ বা বাংলাদেশ ফুটবল লিগে খেলা। এরপর জাতীয় দলে জায়গা করে নেয়া।’ এবার দেশের অন্য অনেক খেলোয়াড়ের মতোই আমির আলীকে বিএফএল রেখে বিসিএলে খেলতে হয়েছিল। কারণ উপরের লিগে তারা সুযোগ পাননি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশ পুুলিশ দলের হয়ে খেলেছেন দুই সিজন। বিসিএলে তিন বছর। বিসিএলে ২০২৪-২৫ সিজনে লিটিল ফ্রেন্ডসের হয়ে পাঁচ গোল করেন তিনি। তবে পুলিশের জার্সিতে কোনো গোল নেই।
কৃষক বাবার দুই ছেলে চার মেয়ের একজন এই আমির আলী। গোপালগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছেন। কোনো অ্যাকাডেমিতে ফুটবল দীক্ষা নেয়া হয়নি। আন্তঃ স্কুল ফুটবল থেকে তিনি আজ বিসিএলের সর্বোচ্চ গোলদাতা। ফের তিনি উল্লেখ করলেন, ‘নতুন সরকার এসেছে। আশা করেছিলাম ভালো কিছু পাবো। কিন্তু বুক ভরা কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি।’ আর্জেন্টিনার লিওনেল মেসি প্রিয় খেলোয়াড় তার। আর বাংলাদেশে হামজা চৌধুরী। আমির আলীর মতো অনেক উঠতি প্রতিভাই হারিয়ে গেছে। তবে আমির আলী নিজ থেকে হারিয়ে যেতে চান না। এবারের লিগে তিনি হ্যাটট্রিক করেছেন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। তবে সেরা গোল বিআরটিসির বিপক্ষে।



