গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন পূরণ হলো জভেরেভের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

টেনিস ক্যারিয়ারে চারবার গ্র্যান্ড স্ল্যামের পুরুষ এককের ফাইনালে খেলেছেন জার্মানির আলেকজান্ডার জভেরেভ। তিনবারই হয়েছেন রানারআপ। ২০২০ সালের ইউএস ওপেনের ফাইনালে জভেরেভের স্বপ্ন ভঙ্গ হয়েছিল অস্ট্রিয়ার টেনিস তারকা ডমিনিক থিমের কাছে পরাজিত হয়ে। ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের কাছে ৪ ঘণ্টা ১৯ মিনিটের এক রুদ্ধশ্বাস পাঁচ সেটের লড়াইয়ে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-২ গেমে পরাজিত হয়েছিলেন এই জার্মান তারকা। আর ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ইতালির তারকা টেনিস খেলোয়াড় জেনিক সিনারের কাছে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ সেটে হেরেছিলেন জভেরেভ। অবশেষে প্রতীক্ষিত সেই গ্র্যান্ড স্ল্যাম জয়ের এলো মহেন্দ্রক্ষণ। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরলেন জভেরেভ। ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনালে ইতালির ফ্লাভিও কোবোল্লিকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এই জার্মান তারকা।

কোর্ট ফিলিপ শাতরিঁয়েতে ৪ ঘণ্টা ১৬ মিনিটের এক ম্যারাথন লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই জভেরেভ শেষ পর্যন্ত ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-১ গেমে জয় নিশ্চিত করেন। এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে জার্মানদের দীর্ঘ ৩০ বছরের খরা কাটালেন জভেরেভ। ১৯৯৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে কিংবদন্তি বরিস বেকারের পর জার্মান পুরুষ খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম জেতার কীর্তি গড়লেন তিনি।