কমনওয়েলথ কাবাডিতে অংশ নেবে বাংলাদেশ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ভারতের আহমেদাবাদে আগামী অক্টোবরে বসতে যাচ্ছে ‘কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ’। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে জাতীয় খেলা কাবাডিকে আরো একধাপ উঁচুতে নেয়ার সুযোগ আসছে দেশটির সামনে। কমনওয়েলথ স্পোর্ট ফেডারেশন সম্প্রতি অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়াকে (আকফি) পাঠানো এক চিঠিতে এই চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই জমজমাট আসর। ভারতের মাটিতে অনুষ্ঠেয় এই চ্যাম্পিয়নশিপে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশ অংশ নেবে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষ সারির প্রতিযোগী হিসেবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি মাঠে নামবে বাংলাদেশও।

বিশ্বমঞ্চে অন্যতম শক্তিশালী হিসেবে পরিচিত বাংলাদেশের কাবাডি। ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা সাফল্য আছে দেশটির। দেশের কাবাডি খেলোয়াড়দের জন্য এক বিরাট সুযোগ। বাংলাদেশ কাবাডি ফেডারেশন সূত্রে নিশ্চিত করেছে, এই চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় পুরুষ ও নারী দলকে নিয়ে দ্রুতই আয়োজন করা হবে বিশেষ ক্যাম্প ও প্রস্তুতিমূলক ম্যাচের।