পঞ্চগড় প্রতিনিধি
আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস। এ উপলক্ষে পঞ্চগড়ে ভারতীয় হাইকমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের যৌথ আয়োজনে রানআপ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ওই রানআপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় দূতাবাসের রাজশাহীর সহকারি হাইকমিশনার মনোজ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি ছিলেন। এতে জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেহ সহসভাপতি মেহেদি হাসান খান বাবলা, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন ডালিসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। বক্তরা শারীরিক সুস্থতা নিশ্চিতে যোগ ব্যায়াম করতে সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিদিন অন্তত তিনবার না হলেও অন্তত একটিবার আমরা যেন ইয়োগা করি। যার যেটুকু সময় পাওয়া যায় দলগতভাবে, পারিবারিকভাবে, সন্তানদের সমন্বয়ে, স্ত্রী-সন্তানদেরকে নিয়ে অথবা এককভাবেও আমরা ঘরের বারান্দায় বা বিভিন্ন সুন্দর একটি নিরিবিলি জায়গায় আমরা যদি এটা করতে পারি। আমার বিশ্বাস আমরা নিজেকে অনেক সংশোধিত করতে পারব।



