ডরিয়েলটন ও সৌরভের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক
Printed Edition
  • বসুন্ধরা কিংস ৪-১ বাংলাদেশ পুলিশ
  • মোহামেডান ৪-০ আরামবাগ

দেশের দুই স্টেডিয়ামে দুই ম্যাচ। কিংস এরিনায় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ পুলিশ। আর কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান মুখোমুখি হয়েছিল আরামবাগ ক্রীড়া সঙ্ঘের। মোহামেডানের বিপক্ষে আরামবাগের ম্যাচটি নিয়মরক্ষার হলেও পুলিশ ও বসুন্ধরার ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। যে দল জিতবে তারাই কোয়ালিফাই করবে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার রাউন্ড এক এ। লিগের সর্বশেষ ম্যাচে জিততে পারেনি বসুন্ধরা কিংস। ড্র করেছিল রহমতগঞ্জের সাথে। কারণ সেই ম্যাচে বকেয়া বেতনের দাবিতে ম্যাচ বয়কট করেছিল বসুন্ধরা কিংসের বিদেশীরা। এরপর ক্লাব কর্তৃপক্ষ তাদের বকেয়া পরিশোধ করে। ফলে পূর্ণশক্তিতে মাঠে নামে বসুন্ধরা কিংস। যার সূত্র ধরেই পুলিশ দলের বিপক্ষে বড় জয়। ব্রাজিলের স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজের হ্যাটট্রিকে ৪-১ গোলে হারিয়েছে পুলিশকে। বিদেশী এই ফরোয়ার্ডের সাথে হ্যাটট্রিক করেছেন স্থানীয় সৌরভ দেয়ানও। মোহামেডানের এই ফুটবলার তিন গোল করায় সাদা কালো শিবির ৪-০তে হারিয়েছে আরামবাগকে। ফলে বসুন্ধরা কিংস এবং মোহামেডান দুই দলই উঠেছে কোয়ালিফায়ারে। যেহেতু বসুন্ধরা কিংস ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তাই তারা খেলবে কোয়ালিফায়ার ওয়ানে। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। অন্য দিকে রানার্সআপ হওয়া মোহামেডানকে অপেক্ষা করতে হচ্ছে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের জন্য। ২৮ এপ্রিলের ম্যাচে জানা যাবে কে হচ্ছে মোহামেডানের প্রতিপক্ষ। ‘এ’ গ্রুপে রহমতগঞ্জের পয়েন্ট ৫ আর ঢাকা আবাহনীর ৪। রহমতগঞ্জ খেলবে ইয়ংম্যান্সের বিপক্ষে। আর আবাহনীর প্রতিপক্ষ পিডব্লিউডি। এখান থেকেই চূড়ান্ত হবে রানার্সআপ দল।

নিজ মাঠে বসুন্ধরা কিংস প্রথম গোলের দেখা পায় প্রথমার্ধের ইনজুরি টাইমের অস্টম মিনিটে। পেনাল্টি থেকে গোলটি করেন ডরিয়েলটন। এরপর ৫২, ৮৩ ও ৮৮ মিনিটে তার আরো তিনটি গোল। অর্থাৎ ম্যাচটি নিজের করে নিলেন এই খেলোয়াড়। অবশ্য ইনজুরি টাইমে (৯৪ মিনিটে) পুলিশের এম এস বাবলু একটি গোল পরিশোধ করেন।

কুমিল্লা হলো মোহামেডানের হোম ভেনু। এতে ১০ জনের আরামবাগকে বড় ব্যবধানে হারাতে কোনো সমস্যাই হয়নি মতিঝিল ক্লাবপাড়ার দলটির। ৪০ মিনিটে জুয়েল মিয়ার গোলে এগিয়ে যায় আবদুল কাইয়ুম সেন্টুর দল। এরপর শেষ ১৪ মিনিটের ঝলকে হ্যাটট্রিক আদায় করেন টাঙ্গাইলের ছেলে সৌরভ দেওয়ান। তার তিন গোল ৭৬, ৮৩ ও ৮৯ মিনিটে। ৬০ মিনিটে লালকার্ড পান আরামবাগের বেন নাশ কোয়ানশা।

ক্যারিয়ারে দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন সৌরভ দেওয়ান। তিন মৌসুম ধরে মোহামেডানে আছেন তিনি। তার প্রথম হ্যাটট্রিক ২০২২ সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। ওয়ান্ডারার্সের জার্সি গায়ে হ্যাটট্রিক করেছিলেন গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এবার লিগে মোহামেডানের হয়ে খেলার সুযোগটা কমই পেয়েছেন তিনি। নতুন কোচ সেন্টু দায়িত্ব নেয়ার পর টানা দুই ম্যাচে প্রথম একাদশে। এতে দ্বিতীয় ম্যাচেই বাজিমাত। গত সিজনে তার গোল ছিল ৫টি। আর এর আগের সিজনে করেছিলেন ১ গোল। এ ছাড়া বিসিএলে ওয়ারীর হয়ে ১১টি এবং ওয়ান্ডারার্সের হয়ে ১৫ গোল ছিল তার।