ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার নতুন সম্ভাবনাময় তরুণ ফরোয়ার্ড হামজা আবদেল করিম আবারো নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। ইংল্যান্ডের বার্মিংহামের সেন্ট অ্যান্ড্রুজ অ্যাট নাইটহেড পার্কে প্রীতি ম্যাচে বার্মিংহাম সিটির বিপক্ষে জোড়া গোল করে নজর কেড়েছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।
বিশ্বকাপ-পরবর্তী ছুটিতে নিজ শহরে থাকা রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহামও গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন। তবে আলো ছড়ান বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডই। ম্যাচের ৩১ মিনিটে আগস্ট প্রিসকের গোলে এগিয়ে যায় বার্মিংহাম সিটি। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান আবদেলকরিম। এরপর ৬০তম মিনিটে প্রতিপক্ষের বক্সে সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি এবং দলকে এগিয়ে দেন।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ৬৮তম মিনিটে জন সোলিসের গোলে সমতায় ফেরে বার্মিংহাম। নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিক বার্মিংহাম সিটি।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক তরুণ এই ফরোয়ার্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘হামজা খুবই বিনয়ী এবং তার মানসিকতা দারুণ। একজন স্ট্রাইকারকে যেভাবে বক্সের ভেতরে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে হয়, সে সেটিই করেছে। তার অসাধারণ সম্ভাবনা রয়েছে এবং এই দু’টি গোল অবশ্যই তার আত্মবিশ্বাস বাড়াবে।’
ফ্লিক আরো বলেন, শুধু আবদেলকরিমই নন, দলের আরো অনেক তরুণ খেলোয়াড় নিজেদের সামর্থ্য দেখিয়েছেন। তাদের মান, তীব্রতা এবং ইতিবাচক মানসিকতা তাকে মুগ্ধ করেছে বলেও জানান বার্সেলোনা কোচ।



