ময়মনসিংহ অফিস
শেরপুর-১ আসনের এমপি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম বলেছেন, জুলাইয়ের চেতনা শুধু স্মরণ করলেই হবে না, বরং তা ধারণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। মতপার্থক্যকে মতবিরোধে রূপ না দিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল নগরীর একটি পার্টি সেন্টারে ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও উলামায়ে কিরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লব নিয়ে আমরা আলোচনা করছি। এই বিপ্লব আবারো করতে হতে পারে। কিন্তু আমরা যদি এর শিক্ষা ধারণ করতে না পারি, ভবিষ্যৎ বিশ্লেষণ করতে না পারি এবং করণীয় নির্ধারণ করতে না পারি, তাহলে সামনের দিনগুলো আরো কণ্টকাকীর্ণ হতে পারে।’
তিনি অভিযোগ করেন, দেশের মানুষের আকাক্সক্ষার বিষয়গুলোকে উপেক্ষা করে সরকার এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে নিজেদের দুর্বলতা কাটিয়ে দায়িত্ব ভাগ করে নিয়ে যেকোনো সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।
ময়মনসিংহ মহানগর জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা সোলায়মান আহসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি মুহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক ছিলেন মুফতি আলী হাসান উসামা।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো: আছাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমির ও ময়মনসিংহ-৬ আসনের এমপি অধ্যক্ষ মো: কামরুল হাসান মিলন, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ এবং মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।



