সান্তাহারে ট্রেনের ৯ বগি লাইনচ্যুত আহত অর্ধশতাধিক

Printed Edition
বগুড়ার আদমদীগিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায়। সরে যাওয়া চাকা (ইনসেটে)   : নয়া দিগন্ত
বগুড়ার আদমদীগিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায়। সরে যাওয়া চাকা (ইনসেটে) : নয়া দিগন্ত

বগুড়া অফিস ও আদমদীঘি সংবাদদাতা

ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে হতাহত হয়েছেন। এ ঘটনায় উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বগুড়ার ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে ব্রিজের সামনে গতকাল বুধবার বেলা ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার ফলে অর্ধশতাধিক আহত হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, “নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। এরপর সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ছাতিয়ান গ্রামে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।” তিনি আরো জানান, লাইন মেরামত কাজ চলমান থাকায় লাল পতাকা উড়ানো হয়। কিন্তু ট্রেনের চালক লাল পতাকা খেয়াল না করে ট্রেন চালিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতাল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নওগাঁ জেলা হাসপাতালে বেশ কয়েকজনকে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পর উৎসুক জনতা ভিড় করেন।

স্থানীয় আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

নওগাঁ ফায়ার সার্ভিসের পরিদর্শক রেজাউল করিম বলেন, আমরা দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনার খবর পাই। ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। আমাদের চারটি ইউনিট উদ্ধারকাজ করছে। আমরা প্রত্যেকটা বগি তল্লাশি করছি। ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা গুরুতর। স্থানীয়রাও কয়েকজনকে হাসপাতালে নিয়েছেন।

উত্তরাঞ্চল থেকে ঢাকার সাথে চলাচল বন্ধ

দুর্ঘটনার পর উত্তরবঙ্গের পাঁচ জেলা- নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আহত ব্যক্তিদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তনগর নীলসাগর এক্সপ্রেস বেলা আড়াইটার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্টেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।তিনি জানান, এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশর মাস্টার সাজেদুরহমান সাজু বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে ১০ থেকে ১২ ঘণ্টা লাগতে পারে।